শিশু গৃহকর্মী নির্যাতন

কারাগারে থাকা বিমানের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গতকাল সোমবার সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়/ফাইল ছবি

 

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী আক্তারের ব্যাংক হিসাব তলব করেছে আয়কর গোয়েন্দা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ দম্পতির ব্যাংক হিসাবের তথ্য চেয়ে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে দেশের সব ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ২০০ অনুযায়ী সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী আক্তারের যাবতীয় হিসাবের তথ্য চাওয়া হয়েছে। যেখানে সাফিকুর রহমান, বিথী আক্তার ও তাদের পরিবারের সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনো মেয়াদি আমানত হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। 

যার মধ্যে রয়েছে—এফডিআর ও এসটিডি হিসাবসহ যেকোনো ধরনের বা নামের মেয়াদি আমানত হিসাব, যেকোনো ধরনের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, স্টুডেন্ট ফাইল, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ও বন্ড ইত্যাদি।

এসব হিসাবের ২০১৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ পর্যন্ত বিবরণী এবং ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণীসহ সাতদিনের মধ্যে আয়কর গোয়েন্দাকে পাঠাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে। 

আরও পড়ুন
‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় গত রোববার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে উত্তরার বাসা থেকে সাফিকুর-বীথি দম্পতিসহ চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার অন্য দুজন হলেন- ওই বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এই চার আসামিকে কারাগারে পাঠিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। ওই রাতেই আসামিদের গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে নিজের মেয়েকে অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন বাদী গোলাম মোস্তফা।

এসএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।