৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের র্যালি
চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত র্যালিটি হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ আসনের সংসদীয় প্রার্থী শামসুজ্জামান হেলালি।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ, মু. শহীদুল ইসলাম এবং সাবেক মহানগর সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল।
র্যালি শেষে সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন সংগঠনের চারজন নিহত নেতাকর্মী ইমরান খান রাজীব, আবিদ বিন ইসলাম, সাকিবুল ইসলাম ও ফয়সাল আহমেদ শান্তকে স্মরণ করেন।
তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করছে ছাত্রশিবির।
বক্তারা শিক্ষার্থীদের গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এমআরএএইচ/এমআইএইচএস