ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বশির মিয়া নামে একজন গুরুতর আহত হয়। তার স্বজনরা আহত অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

নিহতের ভাতিজি খায়রুন্নেসা বলেন, দুপুরে আমাদের বাড়ির সবাই জমিতে কাজ করতে যায়। কিছু বুঝে উঠার আগেই আলমগীর মিয়া তার লোকদের নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের ঘরের সব মেয়েদের নির্যাতন করে। পরে আমার চাচা বাঁচাতে আসলে তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।