গণনায় যোগ হতে পোস্টাল ব্যালট পৌঁছাতে হবে ভোটের দিন সাড়ে ৪টার আগে
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বুঝে নিচ্ছেন। তাদের কাছে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ডাকযোগে যাওয়া ব্যালটগুলোই গণনায় যোগ হবে। এরপর প্রাপ্ত ব্যালটের খাম স্ক্যান করে বাতিল হিসেবে আলাদাভাবে সংরক্ষণ করা হবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালটের নমুনা, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট প্রাপ্তির পর করণীয় ও ব্যালট গণনা সংক্রান্ত নির্দেশনা স্পষ্ট করে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৭ অনুসারে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৭ এর বিধান অনুসারে গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগযোগ্য ভোটার, ভোটদান প্রক্রিয়া, ভোটগণনা ও এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের বিষয়ে ইতোপূর্বে পরিপত্র জারি করা হয়েছে।
এমওএস/একিউএফ