এজাজের বিদায়, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ছবিতে মোহাম্মদ এজাজ ও সুরাইয়া আখতার জাহান

মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পান মোহাম্মদ এজাজ। তিনি এক বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছিলেন। এজাজ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান ছিলেন।

মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহানকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারার (১) অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কর্মকর্তাকে (সুরাইয়া আক্তার জাহান) প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। 

এতে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি শুধু ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

আরএমএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।