শেষ দিনে ‘গণসংযোগের নগরী’ ঢাকা, যানজটের সঙ্গে গাড়িরও সংকট

অভিজিত রায় (কৌশিক)
অভিজিত রায় (কৌশিক) অভিজিত রায় (কৌশিক) , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার শেষ দিনের নির্বাচনি প্রচারণায় ঢাকার সড়কে অনেককে ভোগান্তি পোহাতে দেখা গেছে/রামপুরা এলাকা থেকে মাহবুব আলমের তোলা ছবি

রাত পোহালেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় সারাদেশের মতো রাজধানী ঢাকাও পরিণত হয়েছে একখণ্ড ‘গণসংযোগের নগরীতে’। দিনভর নগরীর অধিকাংশ সড়কে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের ভিড় যেমন দেখা গেছে, চোখে পড়েছে তীব্র যানজটে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষের ভোগান্তি। কোথাও কোথাও ছিল গাড়িরও সংকট।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, মহাখালী, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিশেষত, সন্ধ্যায় বিভিন্ন পয়েন্টে ঘরমুখো কর্মজীবী মানুষের গণপরিবহনের জন্য অপেক্ষা ছিল চোখে পড়ার মতো। 

jagonews24

সরেজমিনে দেখা যায়, আজ ভোটের প্রচারণার শেষ দিন রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রার্থী ও নেতাকর্মী-সমর্থকরা। এতে অনেক স্থানে ঢাকার প্রধান সড়কগুলোর একপাশে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকট। ফলে বেশ খানিকটা দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যে চলাচলরত সাধারণ মানুষ।

শেষ দিনের প্রচারণায় প্রায় সব নির্বাচনি এলাকায় সভা-সমাবেশ হচ্ছে। এতে প্রধান সড়কগুলোতে বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি। রাজধানীর বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে সমাবেশে অংশ নিতে আসার ফলে বেড়েছে যানবাহনের সংখ্যাও।

jagonews24

রামপুরা এলাকায় গাড়ির জন্য সড়কে অপেক্ষমাণ মাহমুদুল নামে একজন জাগো নিউজকে বলেন, অফিস শেষ করে গাড়ির অপেক্ষায় আছি। গাড়ি খুব কম আসছে। যেগুলো আসছে সেগুলোও যাত্রীতে ঠাসা।

যানজটে আটকে থাকা অন্য এক যাত্রী বলেন, আধা ঘণ্টারও বেশি সময় ধরে এক জায়গায়ই আটকে আছি। গাড়ির চাকা ঘুরছেই না। নির্বাচনি প্রচারণার শেষ দিন তো তাই সবাই গণসংযোগ করছেন। এ কারণে এত জ্যাম।

jagonews24

নির্বাচনি বিধি অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হওয়া ভোটের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।