বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়নের চিঠি প্রত্যাহার চেয়ে রিট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহার চেয়ে রিট আবেদন করা হয়েছে।
বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত ছয়জন কাউন্সিলরের পক্ষে সোমবার (১৮ মে) আইনজীবী মো. শফিকুল ইসলাম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
রিটের বিবাদীরা হলেন যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক।
রিট আবেদনকারীরা হলেন বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।
এর আগে, গত বুধবার (১৩ মে) ওই ছয় কাউন্সিলর সরকার ও বিসিবির প্রতি রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাড়া না পেয়ে রিট করা হয়।
কাউন্সিলরদের পক্ষে নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তারা চার বছরের জন্য নির্বাচিত হন। তারা বহাল থাকা অবস্থায় বিসিবির নির্বাচনকে সামনে রেখে সাধারণ পরিষদ গঠনের জন্য নতুন করে কাউন্সিলর মনোনয়ন চেয়ে নোটিশ পাঠানো হয়।
তার দাবি, ৬ মে জারি করা এই নোটিশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। তাই তিন দিনের মধ্যে এ নোটিশ প্রত্যাহার করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নোটিশে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শালিসি আদালতের মাধ্যমে আলোচ্য বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
এফএইচ/এমএমকে