১২ ফেব্রুয়ারি ভোট

গাবতলী বাস টার্মিনালে যাত্রী কম, বাস আছে, ভাড়া বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সকাল থেকে অনেকে যাচ্ছেন গ্রামের বাড়ি, ছবি: জাগো নিউজ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট দিতে মঙ্গলবার থেকে বাড়ি ফিরছে মানুষ। আজও সকাল থেকে অনেকে যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে সড়কে যানজট কম থাকলেও বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে অনেককে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাসের চাপে কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ জটলা তৈরি হয়েছে। মোড়ে মোড়ে বাস থামিয়ে যাত্রী উঠানো হচ্ছে। দরদাম হেঁকে যাত্রী তুলছেন বাসের হেলপাররা।

গাবতলী বাস টার্মিনালে কথা হয় রাজবাড়ীর গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি বিভিন্ন কাউন্টার ঘুরছেন। কথা হলে জাগো নিউজকে কিবরিয়া বলেন, বাস আছে। কিন্তু ভাড়া বেশি চাচ্ছে। সাধারণত ভাড়া ৪০০ থেকে ৪৫০। এখন ৫০ থেকে ১০০ টাকা বেশি চাচ্ছে। দুই একটাতে আরও বেশি চাচ্ছে। তিনি জানান, ভোট দিতে গ্রামে যাচ্ছেন তিনি।

ভোট দিতে স্ত্রীকে নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছেন রিপন। শ্যামলীর কাউন্টার থেকে টিকিট কাটার চেষ্টা করছিলেন। রিপন
জাগো নিজকে বলেন, সিরাজগঞ্জ যাবো। গাড়ি আছে। কিন্তু ভাড়া বেশি। ১০০ টাকা বেশি চাচ্ছে।

মাকে নিয়ে গাবতলী টার্মিনালের মূল ফটকের সামনে বাসের জন্যে অপেক্ষা করছিলেন পিন্টু আহমেদ। তিনি কুষ্টিয়া যাবেন। জাগো নিউজকে বলেন, মা ডাক্তার দেখাতে এসেছিলেন। এখন বাসে উঠিয়ে দিতে এসেছি। টিকিট আগেই কাটা। সাড়ে ১০টার বাস। কল্যাণপুর থেকে বাস এখনও আসেনি। রাস্তায় নাকি জ্যাম।

তবে কাউন্টারের কর্মী ও বাসের চালকরা বেশি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করছেন।

শ্যামলী পরিহবনের টিকিট বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, উত্তরবঙ্গের যাত্রী কম। এখন যে বাস যাবে, এরপরে বিকেল পাঁচটায় বাস রয়েছে। সেটিও যাবে কি না ঠিক নেই। কারণ যাত্রী নেই। যারা যাওয়ার তারা আগেই চলে গেছেন। বেশি ভাড়া নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বেশি ভাড়া কেউ নিচ্ছে না। যা ভাড়া তাই নেওয়া হচ্ছে।

ইএইচটি/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।