ঢাকা-৬ আসনের ১০০ কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৬ আসনের মোট ১০০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয় টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজ ক্যাম্পাস থেকে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং কেন্দ্রে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বেলা ১১টার পর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্তদের হাতে নির্বাচনি সামগ্রী বুঝিয়ে দেওয়া শুরু করেন। এসময় ভোটগ্রহণ পদ্ধতি ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আচরণবিধি নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয়। পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোটের দায়িত্বে থাকা সদস্যদের নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়।

নির্বাচনি সামগ্রী বুঝে পাওয়ার পর বংশালের একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, নির্বাচনি সামগ্রীগুলো যথাযথ নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে সংরক্ষণ করা হবে। পাশাপাশি কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণ কক্ষ ও গোপন কক্ষ তৈরিসহ অন্য কাজগুলো পর্যবেক্ষণ করা হবে। আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে।
পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন।
পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্য ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা করা হবে।

ঢাকা-৬ আসনে এবার বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীর্ষ ও জামায়াতের মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ লাঙ্গল, গণঅধিকার পরিষদের ফখরুল ইসলাম ট্রাক, গণফ্রন্টের আহমেদ আলী শেখ মাছ, বাংলাদেশ কংগ্রেসের ইউনুস আলী আকন্দ ডাব ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আক্তার হোসেন হারিকেন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচন ঘিরে ঢাকা-৬ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠুও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এমডিএএ/এমকেআর