ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত ৯৭ বছরের আবু বকর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৯৭ বছর বয়সী আবু বক্কর। সকালে ঢাকা–৪ আসনের ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। বয়সের ভার থাকলেও ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই প্রবীণ ভোটার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোটকেন্দ্রে হাজির হন আবু বকর সিদ্দিকী। কেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন, ‘ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। যতদিন বেঁচে আছি, ততদিন ভোট দিয়ে যেতে চাই।’
ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারাও তার ভোট প্রয়োগকে সাধুবাদ জানান। অনেকে তার সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান। তরুণ ভোটারদের প্রতিও তিনি ভোটদানে উৎসাহ দেন।
উপস্থিত ভোটাররা বলেন, আবু বকর সিদ্দিকীর মতো বয়স্ক ভোটারদের অংশগ্রহণ অন্যদের জন্য অনুপ্রেরণা। বয়স কোনো বাধা নয় এই বার্তাই দিয়েছেন তিনি।
এদিকে, রইস নগর এলাকার বাসিন্দা ৭২ বছর বয়সী তাজ মুহাম্মদ শারীরিক অসুস্থতা নিয়েও তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন সকালে। লাঠিতে ভর করে স্ত্রীর সহযোগিতা নিয়ে ভোট কেন্দ্রে আসেন তিনি। সিঁড়ি দিয়ে দোতালায় উঠে ভোট প্রয়োগ করেন তিনি।
রায়ের বাগ এলাকার রইস নগরের প্রিজাইডিং অফিসার মো. ওবায়দুর রহমান জাগো নিউজকে বলেন, ১৯২৯ জন পুরুষ ভোটারের মধ্যে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে কোন ধরনের প্রবলেম দেখছি না। তিনি বলেন, অসুস্থ হলেও স্ত্রীর হাত ধরে ভোট কেন্দ্রে আসলেন তাজ মোহাম্মদ (৭২)। তাকে তার স্ত্রী সহযোগিতা করেছেন।
ঢাকা–৪ আসনে (কদমতলী ও শ্যামপুর) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
এফএইচ/জেএস