শাহবাগে ফুলের দোকানে ভিড়, বসন্ত ও ভালোবাসায় রঙিন ঢাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে তরুণ-তরুণীদের ভিড়। ছবি: জাগো নিউজ

আজ ১৪ ফেব্রুয়ারি— বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিনে রাজধানী যেন রঙিন আবহে সেজে উঠেছে। হলুদ-লাল শাড়িতে নারীরা, আর হলুদ পাঞ্জাবিতে তরুণরা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বের হয়েছেন। চারপাশজুড়ে উৎসবের আমেজ, হাসি আর রঙের ছোঁয়া।

এ উৎসবমুখর পরিবেশে ফুল কিনতে সকাল থেকেই ভিড় জমেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় ফুলের বাজার শাহবাগ এলাকায়। শাহবাগ মোড় থেকে শাহবাগ থানা পর্যন্ত সারি সারি ফুলের দোকানে উপচেপড়া ভিড় দেখা যায়।

গোলাপ, গাঁদা, রজনিগন্ধা, টিউলিপ, জারবেরা—বিভিন্ন রঙ ও জাতের ফুলে সাজানো দোকানগুলো যেন ছোট ছোট বসন্তের বাগান। তরুণ-তরুণীরা প্রিয়জনের জন্য পছন্দের ফুল বেছে নিতে ব্যস্ত সময় পার করছেন, আর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভালোবাসা আর বসন্তের রঙিন আবহ।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই বিক্রি ভালো। বিশেষ করে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। অনেকে একগুচ্ছ ফুল কিনছেন, আবার কেউ কেউ একটি গোলাপ নিয়েই সন্তুষ্ট। দাম কিছুটা বাড়লেও উৎসবের আনন্দে ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি।

সরেজমিনে ফুলের দোকান ঘুরে দেখা যায়, চায়না গোলাপ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, দেশি গোলাপ ৩০ থেকে ৪০, ইন্ডিয়ান গোলাপ ৫০ টাকা, গ্লাডিওলাস ৪০ থেকে ৫০ টাকা, রজনীগন্ধা ৩০ টাকা, লিলি ফুলের স্টিক ৪০০ টাকা, গাধা ফুলের মালা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুল কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেরুন বলেন, বসন্ত আর ভালোবাসা দিবস একসঙ্গে হওয়ায় দিনটা বিশেষ। প্রিয় মানুষকে একটি ফুল উপহার দেওয়ার অনুভূতিই আলাদা। এ জন্য ফুল কিনতে এসেছি।

আরেকজন তরুণ নিলয় জানান, ফুল কিনতে এসেছি৷ কয়েকটা গোলাপ কিনেছি৷ দাম একটু বেশি মনে হচ্ছে। তারপরও এবার ঢাকা অনেকটা ফাঁকা। ঘুরতে বেশ ভালোই হবে।

শাহবাগের মালঞ্চ পুষ্প কেন্দ্রের ব্যবসায়ী ফয়সাল বলেন, বিক্রি মোটামুটি হচ্ছে। নির্বাচনের কারণে ক্যাম্পাস তো কয়েকদিন বন্ধ, এজন্য ইউনিভার্সিটির ক্রেতা কিছুটা কম। বাইরের ক্রেতা আছে।

আনিকা পুষ্প বিতানের বিক্রেতা স্বপন বলেন, সকাল থেকেই বিক্রি হচ্ছে। বিকেলে লোকজন যখন ঘুরতে বের হবে, তখন বিক্রি কিছুটা বাড়বে। অনেক বেশি ভিড় হচ্ছে সেরকম না, তবে বিক্রি হচ্ছে।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।