তারেকের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন টোবগে-মুইজ্জু

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবে নতুন সরকার।

জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও। কিন্তু তারা কেউই অনিবার্য কারণে থাকতে পারছেন না। তাদের বদলে দেশ দুটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।

ভারতের পক্ষে উপস্থিত থাকবেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা, সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র। আর পাকিস্তানের পক্ষে দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতিম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আমন্ত্রিতদের মধ্যে কেউ কেউ শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তালিকায় সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরাও রয়েছেন। এখনো আশা করা হচ্ছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) আরও কয়েকজন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয় নিশ্চিত করবেন।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেই।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিনে বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দলের প্রধান তারেক রহমান।  

নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এরই মধ্যে ২৯৭ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

জেপিআই/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।