‘বিকৃত বক্তব্য’

বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি উপদেষ্টা ফাওজুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
উপদেষ্টা ফাওজুল কবির খান/ফাইল ছবি

প্রশাসন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির কাছে চিঠি পাঠিয়ে তিনি বলেন, ‘বিষয়টি তোমার কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনলে খুশি হবো।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফাওজুল কবির খান মন্ত্রিপরিষদ সচিবকে এ চিঠি পাঠান। ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

নাসিমুল গনিকে লেখা চিঠিতে উপদেষ্টা বলেন, ‘তুমি জানো যে, আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আমার কার্যকালের পরিসমাপ্তি ঘটবে।’

‘আমার কার্যকালে আমার দায়িত্বাধীন ও অন্য সব মন্ত্রণালয়ের সচিবদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। বিদ্যমান পদ্ধতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ও কিছু উদ্যোগ আমাদের মেয়াদে সম্পন্ন করা সম্ভব হয় নাই। এর দায়ভার সম্মিলিতভাবে আমাদের।’

চিঠিতে আরও বলা হয়, আমাদের উল্লেখযোগ্য উদ্যোগগুলো বাস্তবায়ন না হওয়ায় আমি গত ২৭ জানুয়ারি হতাশা ব্যক্ত করে বলেছিলাম, ‘মানুষ সরকারি দপ্তরের ভূমিকায় এতটাই ক্ষুব্ধ যে, একজন আমাকে বলেছে, মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে এই বিমানটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল।’ কিছু সংবাদপত্র, টিভি ও যোগাযোগ মাধ্যমে ‘একজন আমাকে বলেছে’ শব্দগুলো বাদ দিয়ে এটিকে আমার বক্তব্য হিসেবে প্রচার করেছে, যা সেদিনের সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বা আমার বক্তৃতার সম্পূর্ণ ভিডিও শুনলেই প্রমাণিত হবে। উল্লেখযোগ্য যে, মাইলস্টোন দুর্ঘটনার দিন আমি নিজেই সচিবালয়ে কর্মরত ছিলাম।

উপদেষ্টা ফাওজুল কবির আরও লিখেছেন, যা হোক, অগ্রজ সচিব হিসেবে, আমার বক্তব্যের বিকৃতির কারণে সৃষ্ট এ বিভ্রান্তিকর সংবাদের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। বিষয়টি তোমার কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনলে খুশি হবো।

‘আমি আশা করবো- দলীয় আনুগত্য বাদ দিয়ে পেশাদার আমলা হিসেবে কাজ করবে এবং জনস্বার্থকে সবার ওপরে প্রাধান্য দেবে’—মন্ত্রিপরিষদ সচিবকে লেখেন উপদেষ্টা।

আরএমএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।