চট্টগ্রাম-৫ আসনে বড় ব্যবধানে এগিয়ে মীর হেলাল
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসনে প্রাপ্ত আংশিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৪৫টির ফলাফলে মীর হেলাল পেয়েছেন ৫০ হাজার ৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নাছির উদ্দীন মুনির পেয়েছেন ১৪ হাজার ২৫ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৩৬ হাজার ৭৫১।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হওয়ার পর ধাপে ধাপে এ ফলাফল পাওয়া যায়। গণনার শুরু থেকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও কিছু স্থানে ধীরগতির অভিযোগ পাওয়া যায়। ভোট শেষ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও সমন্বয় শেষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
এ আসনের চূড়ান্ত ফলাফল পেতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এমআরএএইচ/একিউএফ/জেআইএম