আমি তো জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি: খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পাওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, আমি তো জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি।

সমালোচনার জবাবে তিনি বলেন, নির্বাচন ও নিয়োগ নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা চাইলে আবারও হিসাব মিলিয়ে দেখতে পারেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা ও সার্বভৌমত্ব রক্ষা করেই আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করবো।

তিনি বলেন, অত্যন্ত দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হবে। সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। পররাষ্ট্র কার্যক্রমে জনগণের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি, যেন গুজব বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না থাকে।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের নজর কমবে না, বরং আরও জোরদার হবে। আরাকান অঞ্চলের পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে এবং দ্রুত ও টেকসই সমাধানের চেষ্টা চলবে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।