১৭ বছর পরে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসছে: শামা ওবায়েদ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
শামা ওবায়েদ ইসলাম/ফাইল ছবি

১৭ বছর পরে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসছে জানিয়ে নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রনীতি দেশের জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‌‌‘অবশ্যই এটি চ্যালেঞ্জিং, একই সঙ্গে ইন্টারেস্টিংও।’

তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এরই মধ্যে বলেছেন-বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা হবে।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসছে। আমরা এমন একটি পররাষ্ট্রনীতি চাই, যা দেশের জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বার্থ রক্ষা করে দেশের জন্য যা প্রয়োজন, সেটিই করা হবে। জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

জেপিআই/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।