রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রোজার সময়সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয়ে প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটেই সচিবালয়ে প্রবেশ করেন। এতো সকালে সরকারপ্রধানকে অফিসে দেখে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অভিভূত হন।
তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটে এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন—‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি’। কিন্তু তখনও তিনি জানতেন না, প্রধানমন্ত্রী ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন।
সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে কারা কারা অফিসে এসেছেন, তা খোঁজ নেন।
পাশাপাশি নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার বিষয়ে মৌখিক নির্দেশনাও দেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন তিনি সচিবালয়ে নিজ দপ্তরে দুই দিন অফিস করেন। সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।
কেএইচ/এসএনআর