১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট চালু মালদিভিয়ানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে ঢাকা সিটি অফিস উদ্বোধন করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান অ্যাভিনিউয়ের তাজ ম্যারিয়ট ভবনে এয়ারলাইন্সটির সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে।

অনুষ্ঠানে মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস, গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ—যেন বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দু’দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।

উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুদিন (রোব ও বৃহস্পতিবার) এ ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যেন যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন।

মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এ সেবা চালু হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে।

যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টারের (১৬৭১) মাধ্যমে চালু রয়েছে।

রুট পুনরায় চালু উপলক্ষে ‘Dhaka, We Heard You’ শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি, যা আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য আয়োজন করা হবে।

ঢাকা মালদ্বীপের নাগরিকদের জন্য ব্যবসা, স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে জনপ্রিয় গন্তব্য। এয়ারলাইন কর্মকর্তারা বলেন, এই সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের প্রতীক।

বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ—এর মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ-৮ এবং ১১টি ড্যাশ-৬ টুইন অটার বিমান—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

এমএমএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।