শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি: পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
  ফোনগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথম এক ঘণ্টায় আইফোনসহ ১০-১২টি মোবাইল চুরির বিষয়ে অভিযোগ পেয়েছে পুলিশ। মোবাইলগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের এক ঘণ্টায় এমন অভিযোগ আসে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, ‘হাজার হাজার লোক এখানে আসছেন। সবাই মনে করছেন শ্রদ্ধা নিবেদন করার জন্যই তারা আসছেন। কিন্তু এর মধ্যে কে চোর আর কে চোর না তা বোঝা মুশকিল। অনেকগুলো অভিযোগ পেয়েছি, সবাই জিডি করুক।’

ডিসি মাসুদ আলম বলেন, ‘হারানো মোবাইলের মধ্য থেকে কয়েকটি মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো। প্রযুক্তির মাধ্যমে আমরা হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা চালাবো। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে সময় লাগবে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার কাছে মৌখিকভাবে মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ করেছেন ১০-১২ জন। যারা শ্রদ্ধা নিবেদন করছেন, সবাইকে সতর্ক হতে হবে।’

এরপর পুলিশের টিম নিয়ে ডিসি মাসুদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

টিটি/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।