সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এই দায়িত্ব দেন।
সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোনো বৃহৎ সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ সকল অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। জাতির প্রয়োজনে গণবিস্ফোরণে সহযোগিতা করে, নৈতিক সমর্থন জানিয়ে জন-আকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম।
তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেইজ। ডাটা থেকেই তৈরি হয় ইনফরমেশন। জনগণকে অবাধে ইনফরমেশন বা তথ্য প্রদানই হবে আমাদের কাজ। সাংবাদিকদের ছাড়া এই তথ্য প্রবাহ নিশ্চিত করা সম্ভব না। সাংবাদিকরা এজন্য এই মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন।
সভার সদস্য সচিব ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, তিনি ট্রাস্টের জনবল নিয়োগ, যানবাহন সুবিধা প্রদান, নিজস্ব ভবন নির্মাণ-সহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
এ সময় ট্রাস্টের অন্যান্য সদস্যদের সঙ্গে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, সদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।
এমএএস/কেএইচকে