সেনাবাহিনীর ওপর গুলি: বান্দরবানে অস্ত্র-গোলা উদ্ধার, আটক ১
বান্দরবানের রোয়াংছড়ির মুরং বাজার এলাকায় জেএসএসের (মূল) সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে একটি সাবমেশিনগানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করতে সক্ষম হয়। পরিস্থিতি বিবেচনায় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি চালায়। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে।
প্রাথমিকভাবে সন্ত্রাসীরা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায়।
এই অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক একজন সশস্ত্র জেএসএস সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
তার চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
টিটি/এএমএ