বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০১ মার্চ ২০২৬
ঘাঁটি বাশারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রোববার (১ মার্চ) বিমানবাহিনী ঘাঁটি বাশারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর প্রশিক্ষণ সমন্বয় এবং ডকট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন বিষয়ে সর্বোচ্চ সংস্থা হিসেবে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা এবং আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে বিমানবাহিনীকে যুগোপযোগী এবং কৌশলগতভাবে কার্যকর রাখতে পরিকল্পিত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সামরিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

আইএসপিআর জানায়, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড সরাসরি বিমানবাহিনী প্রধানের অধীনে পরিচালিত হবে, যা কৌশলগত সামঞ্জস্য এবং সময়োপযোগী নীতিগত দিকনির্দেশনা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পনা, অপারেশন, প্রশিক্ষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে বিমান সদরের সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখবে।

ট্রান্সফরমেশন থ্রু উইজডম (Transformation through Wisdom)- এই মূলমন্ত্র অনুসরণ করে প্রতিষ্ঠানটি বিমানবাহিনীর সব প্রশিক্ষণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, ডকট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন ও হালনাগাদ, অপারেশনাল উৎকর্ষতা সাধন এবং সর্বোপরি একটি যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অধিনায়ক বিমানবাহিনী ঘাঁটি বাশার ও ঘাঁটি এ কে খন্দকার, কমান্ড্যান্ট ট্রাডক এবং বিমান সদরের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।