মধ্যপ্রাচ্য নিয়ে দেওয়া বিবৃতির ব্যাখ্যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০২ মার্চ ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া দুটি বিবৃতির ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যে অঞ্চলে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের স্বার্থরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান খুব সোজা, প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জনগণ মানে আমাদের যারা নাগরিক ওই অঞ্চলে আছেন, তাদের স্বার্থরক্ষা। আর আমরা মনে করি না, যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান আনতে পারে। আমরা চাই দ্রুততম সময়ে আলোচনা বা কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান হোক।

খ‌লিলুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী নাগরিকদের স্বার্থই বাংলাদেশের অগ্রাধিকার। ১ মার্চ দেওয়া বিবৃতিতেও প্রবাসীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিকরা আক্রান্ত হলে, তা কাঁটাতারের এপাশে বা ওপাশে যেখানেই হোক, সরকার তাদের পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ।

আমরা আশা করি, এ সংঘাতে আর কোনো বাংলাদেশিরে প্রাণহানি ঘটবে না, আর কেউ আহত হবেন না। কিন্তু সে রকম অবস্থা হলে আমাদের যা যা কর্তব্য সব কিছুই করবো। একই সঙ্গে বিদেশে অনেকেই কাজ করার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকা পড়েছেন, সে বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক হলে আমরা দ্রুততার সঙ্গে তাদের পাঠানোর ব্যবস্থা করবো।

জেপিআই/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।