আতিকুর রহমান রুমন

গ্রেফতারের আগে তারেক রহমান বলেছিলেন, ‘আমার পরিবারের খেয়াল রেখো’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২০তম কারাবন্দি দিবসের এক আলোচনা সভায় আতিকুর রহমান রুমন

গ্রেফতারের আগে শেষ কথায় তারেক রহমান তাকে বলেছিলেন, আমার পরিবারের দিকে খেয়াল রেখো, তোমরা সাবধানে থেকো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবসের এক আলোচনা সভায় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা বলেন।

রোববার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুমন বলেন, অতীতে বিএনপির দুঃসময়ে এমন কর্মসূচি আয়োজন করা ছিল অত্যন্ত কঠিন। গোয়েন্দা নজরদারি, হুমকি এবং নানা বাধার মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে গেছেন। অনেক সময় অনুষ্ঠান শেষে নিরাপদে বাড়ি ফেরা পর্যন্ত কঠিন হয়ে পড়তো।

তিনি বলেন, আজ আমরা যে অবস্থানে এসেছি, তা দীর্ঘ সংগ্রামের ফল। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজ সরকার গঠন সম্ভব হয়েছে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। ভুয়া বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার হলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দেশ গঠনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

তারেক রহমানের গ্রেফতারের প্রসঙ্গ টেনে রুমন বলেন, গভীর রাতে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করা হয়েছিল। সে সময় খালেদা জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতারি পরোয়ানা দেখতে চান, কিন্তু তারা তা দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শেষবার আমি ফোন করেছিলাম। তিনি নিজের কথা না ভেবে শুধু বলেছিলেন- আমার পরিবারের দিকে খেয়াল রেখো, তোমরা সাবধানে থেকো।

রুমন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য চলমান ‘দেশ গড়ার যুদ্ধ’ এখনো শেষ হয়নি। ভবিষ্যতে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নব-নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকনসহ সংগঠনের নেতারা।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।