চট্টগ্রামে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি চলবে: প্রতিমন্ত্রী হেলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৮ মার্চ ২০২৬
চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা/ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রোববার (৮ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এটি একটি নিয়মিত সমন্বয় সভা, যেখানে অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনের তৎপরতা এবং সরকারের উদ্যোগে এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হয়েছে।

ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি কার্যকর রেখে চট্টগ্রামকে নিরাপদ রাখতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মীর হেলাল বলেন, এ বৈঠকে চুক্তির বাকি অংশ বাস্তবায়ন বা এ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।

সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।