মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক, খোয়ালেন ২ আইফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ এএম, ০৯ মার্চ ২০২৬
ছবিতে ইনসেটে ভুক্তভোগী দুদক কর্মকর্তা মোতাহার হোসেন/ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও ঘড়ি নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এসময় তাকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুদকের এই কর্মকর্তা।

শনিবার (৭ মার্চ) রাত ১১টায় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী মো. মোতাহার হোসেন দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক হিসেবে কর্মরত।

জানা যায়, শনিবার রাত ১১টায় তিনি মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা ও হাতের একটি দামি ঘড়ি ছিনিয়ে নেয়।

ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তিনি ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শনিবার রাত ১১টায় মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত শাখা) ছিনতাইয়ের শিকার হয়েছেন। আমরা এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারে কাজ করছি। ভুক্তভোগীর পক্ষে অন্য একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।