মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবক চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:১২ পিএম, ০৯ মার্চ ২০২৬
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে মো. শাকের (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়। আহত শাকের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্তের কাছে একটি এলাকায় কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে শাকের গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মাইন বিস্ফোরণে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।