রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে অভিযানে সাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৬ মার্চ ২০২৬
ফাইল ছবি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই পৃথক অভিযান পরিচালনা করেন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ১০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়। 

কমলাপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের ও ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়। 

অন্যদিকে, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলা এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ডিএমপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

টিটি/এমকেআর  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।