কোচিংয়ের লাগাম টানুন, পরিবারগুলো আর পারছে না: রাশেদা কে চৌধূরী
শিক্ষাব্যবস্থায় কোচিং বাণিজ্যের লাগাম টেনে ধরা জরুরি বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
তিনি বলেন, ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়ন একটি গবেষণাভিত্তিক প্রতিবেদন খুব শিগগির প্রকাশ করবে। তাতে তথ্য হিসেবে উঠে এসেছে যে, আমাদের দেশের পরিবারগুলোর সন্তানদের জন্য যা খরচ করে— তার মধ্যে ২৭ শতাংশই কোচিংয়ের পেছনে ব্যয় করে। ১৫ শতাংশ যায় অন্য কাজে, ১০ শতাংশ শিক্ষা উপকরণ কেনায়। আর মাত্র ১০ শতাংশ যায় খাবারে।
আরও পড়ুন
শিক্ষার উন্নয়নে বাস্তব সমস্যার সমাধানভিত্তিক গবেষণা প্রয়োজন
শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা
রাশেদা কে চৌধূরী বলেন, যদি এই হয় কোচিং-নির্ভর শিক্ষাব্যবস্থা, আমি সরকারের কাছে অনুরোধ করবো, এটার যাতে লাগার টানা যায়— সেই ব্যবস্থাটা করা জরুরি। কারণ আমাদের পরিবারগুলো পারছে না আর।
সোমবার (৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের লেখা ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। বইটি নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার প্রমুখ। এসময় বইয়ের লেখক ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এএএইচ/কেএসআর