শিক্ষাবৃত্তি দিতে জুলাই শহীদদের সন্তানদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি
শিক্ষাবৃত্তি দিতে জুলাই শহীদদের অসহায় সন্তানদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সম্প্রতি চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিদের জুলাই শহীদের মর্যাদা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
ডিসিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে জুলাই শহীদ পরিবারের অসহায় সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে শিক্ষা বৃত্তি চালুকরণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এছাড়াও ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এ ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার’-এর শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উল্লেখ রয়েছে। এ লক্ষ্যে শহীদ পরিবারের যেসব সন্তান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত তাদের তথ্য সংযুক্ত ‘ছক’ সংগ্রহ করা আবশ্যক।
এমতাবস্থায়, জেলার জুলাই শহীদ পরিবারের সন্তানদের যাচিত তথ্য সংযুক্ত ‘ছক’ এ (হার্ড কপি/সফট কপি) এমএস এক্সেল শিটে এবং অগ্রিম কপি (সফট কপি) [email protected] ইমেইলে পাঠানোর জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছি মন্ত্রণালয়।
এর আগে গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর আগের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সাংবাদিকদের জানান, জুলাই শহীদ ও যোদ্ধাদের সন্তানদের ড্রপআউট রোধ করে পড়াশোনা চালিয়ে নিতে শিক্ষাভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যদিও পরে হাফিজ উদ্দিন স্পিকার নিয়োগ পান। নতুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হন আহমেদ আযম খান।
আরএমএম/এমকেআর