আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি
বৃষ্টির প্রবণতা ক্রমেই কমে তাপমাত্রা বাড়ছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও আবহাওয়া মোটামুটি এমনই থাকতে পারে। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২২ মার্চ) ঢাকা ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রাও কয়েক ডিগ্রি বেড়েছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল নরসিংদীতে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৭ থেকে বেড়ে হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রোববার রংপুরে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। সোমবার রংপুরে বৃষ্টি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
২৭ মার্চ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ের শেষের দিকে অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আরএমএম/জেএইচ