জাতীয় নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রতিবেদন তৈরি করবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২৬
নির্বাচন কমিশন ভবন/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরির একটি রূপরেখা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সেই রূপরেখা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। 
 
সোমবার (২৩ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
 
নির্বাচন পরিচালনা শাখার একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক বিষয়ে একটি প্রতিবেদন আমাদের প্রস্তুত করতে হবে। প্রতিবেদনটি কীভাবে তৈরি করা হবে তার একটি রূপরেখা আগামী ১৫ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতিবেদন তৈরির যাবতীয় কার্যক্রম গ্রহণ করবো।
 
দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। যার মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে ইসি।
 
বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন। আসন দুটি হলো—চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির দুই ওয়ার্ড)। মামলা নিষ্পত্তি হলে এসব আসনের ফল ঘোষণা করা হবে।
 
অন্যদিকে, ভোটের আগে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। একইদিনে বর্তমান প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনেও ভোটগ্রহণ হবে।
 
এমওএস/এমকেআর
 
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।