সড়ক দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের সভা রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৭ মার্চ ২০২৬
গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে গেলে বহু হতাহতের ঘটনা ঘটে/ফাইল ছবি

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে নিরাপত্তা বাড়াতে কর‌ণীয় নির্ধারণে আগামী রোববার (২৯ মার্চ) একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তায় সরকারের কার্যক্রম জোরদার করতে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী রোববার সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গত ২৪ মার্চ অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে, সড়কে দুর্ঘটনা কমানো, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

এবার পবিত্র ঈদুল ফিতরে সড়কে কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন।

আরএমএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।