মধ্যপ্রাচ্যে সংকট

শাহ আমানতে এক মাসে বাতিল ২১২ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ এএম, ৩০ মার্চ ২০২৬
শাহ আমানত বিমানবন্দর, ফাইল ছবি

ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এতে গোটা বিশ্বে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি ফ্লাইট শিডিউলে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৪টি ফ্লাইট বাতিল করা হয় রোববার (২৯ মার্চ)।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

ইব্রাহীম খলিল আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংকটের মধ্যে আরও চারটি বাতিল ফ্লাইটসহ গত এক মাসে মোট ২১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র বলছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবিগামী একটি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে এদিন কিছু ফ্লাইট সচল ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি অ্যারাইভাল ও সাতটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে।

এমআরএএইচ/এসএনআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।