গাড়ি চালানো শিখিয়ে জাপানে নিয়ে যেতে চায় কান্টো গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০২ এপ্রিল ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সঙ্গে জাপানের কান্টো গ্রুপের প্রতিনিধি দলের সাক্ষাৎ, ছবি: জাগো নিউজ

বাংলাদেশিদের গাড়ি চালানো শিখিয়ে জাপানে নিয়ে যেতে চায় দেশটির প্রতিষ্ঠান কান্টো গ্রুপ। এজন্য বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন করতে চায় তারা। এখান থেকে উত্তীর্ণ চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে কান্টো গ্রুপ।

বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি এই প্রস্তাব উপস্থাপন করে।

প্রতিনিধি দলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে ও কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধি দলটি জানায়, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের পরিকল্পনাও প্রতিমন্ত্রীর কাছে পেশ করা হয়।

প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক জাপানি প্রতিনিধি দলের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, জাপানের শ্রমবাজারের উপযোগী করে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিমন্ত্রী তাদের এই প্রকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে তাদের প্রস্তাব আরও বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান। এর ফলে দ্রুততম সময়ে এই উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএএস/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।