পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস ও সংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় দালাল চক্রের ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়েরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

অভিযান পরিচালনাকালে দালাল চক্রের মোট ৬ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম 
আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪ 

এম মুবীন রহমান তাপস জানান, সম্প্রতি সংঘবদ্ধ এক দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানানভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সেসময় পাসপোর্ট দালাল চক্রের মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কেআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।