জঙ্গিবাদ দমনে বাংলাদেশ-জাপানের ঘনিষ্ঠতা বাড়ানোর বার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
ডিএমপির সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিমের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতিনিধি দল/ছবি: সংগৃহীত

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ-জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বার্তা দিয়েছে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চপর্যায়ের বৈঠক।

জাপানের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিচালক জেনারেল মি. মহোসাকি কাওরু বাংলাদেশ সফরকালে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিন্টো রোডের সিটিটিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, সাক্ষাৎকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

টিটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।