রাঙ্গুনিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর-চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:০১ এএম, ১১ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে একটি মন্দিরে চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে বুড়ির দোকান এলাকায় মা মগদ্বেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমার হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এ সময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলা হয়।

এছাড়া পাশের শিব মন্দিরেও ভাঙচুর চালানো হয়। মন্দিরের ভেতরের কিছু ধর্মীয় ছবি পাশের বিলে ফেলে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

শুক্রবার সকালে পুরোহিত বিমল চক্রবর্তী পূজা দিতে গিয়ে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এ ধরনের ঘটনা আগে ঘটেনি। দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।