শাহজালালে ৫৪ কেজি রুপার তৈজসপত্র, ওষুধ ও বিদেশি লিকার জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ রুপার তৈজসপত্র, বিদেশি ওষুধ ও লিকার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সোমবার (১৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য দুই কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৪ কেজি রুপার তৈজসপত্র ও ভাঙা অংশ উদ্ধার করা হয়। এসব রূপার বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে তুরস্ক থেকে আসা টিকে-৭১২ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যানিংয়ে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগ থেকে ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

এছাড়া কাতার থেকে আসা কিউআর-৬৩৮ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি লিকার উদ্ধার করা হয়। এসব লিকারের মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

এদিকে চীনের গুয়াংজু থেকে আসা বিজি-৩৬৭ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ফোন ও মোবাইলের যন্ত্রাংশও আটক করা হয়েছে।

এসএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।