ডেমরায় রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটারের সামনে রাস্তা পারাপারের সময় ট্যাংক লরির ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল মতিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার দিলপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্যাংক লরির তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। বাবার নাম সৌরভ আলী। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় একজন গাড়িচালক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/জেএইচ/এএসএম