৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
থাকা থেকে লুট হওয়া বিদেশি পিস্তলসহ গ্রেফতার মিনহাজ উদ্দিন রাহিম (মাঝে)/ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে নগরের খুলশী থানার মতিঝর্ণা এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পশ্চিম বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানায় ঢুকে একটি পিস্তল লুট করেন মিনহাজ। পরে আমির হোসেন নামে একজনের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশীর লালখান বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আমির হোসেন পালিয়ে যান।

jagonews24উদ্ধার করা বিদেশি পিস্তলসহ গোয়েন্দা পুলিশের দল/ছবি সংগৃহীত

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি ব্রাজিলে তৈরি ‘টরাস’ ব্র্যান্ডের ৯ এমএম অস্ত্র, যা ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক দুজনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে আরেক অভিযানে পাহাড়তলী থানার মাইট্ট্যাল্লাপাড়া এলাকা থেকে ৩২০ ইয়াবা ও মাদক বিক্রির এক হাজার ৫৫০ টাকাসহ মো. মাঈনুদ্দীন (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি (পশ্চিম) বিভাগ। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অন্যদিকে ডিবি (বন্দর) বিভাগের পৃথক দুটি অভিযানে ৩০০ ইয়াবাসহ মোহসিন ও জহির নামে দুজন এবং এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইমাম হোসেন নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।