দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-বেলারুশ
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও বেলারুশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত কাসকো নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বেলারুশ সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।
জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক খাত, দক্ষ ও অদক্ষ শ্রমিক প্রেরণ, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প, পাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও মজবুত করতে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, পারস্পরিক অগ্রাধিকার খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নিতে ফরেন অফিস কনসালটেশনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় প্রক্রিয়া আরও ঘন ঘন আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই পক্ষ পারস্পরিক উষ্ণতা ও গঠনমূলক আলোচনার জন্য সন্তোষ প্রকাশ এবং আগামী দিনে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এমইউ/একিউএফ