চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতায় দুর্ভোগের কারণে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে নোটিশ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি চেষ্টা করছেন দুর্ভোগ কমাতে। কিন্তু এটা অনেক বড় একটা ওয়াটারলগ, যা স্বাভাবিকভাবে ঠিক হতে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে।

তারেক রহমান হলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যা সারাদেশেই ছড়িয়ে আছে। এটির সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে।

তিনি বলেন, সংসদ সদস্য বলেছেন, বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞের পরামর্শের জন্য। মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ একজন বিশেষজ্ঞ ছিলেন। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলাবদ্ধতাও দূর করেছিলেন।

তারেক রহমান বলেন, মাননীয় স্পিকার আমাদের ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার খাল খনন কর্মসূচি নিয়েছে। সারাদেশে আমরা এই কাজটি শুরু করেছি।

আরএএস/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।