চট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজন গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী শাহাদাত হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ নিয়ে এ মামলা তিনজনকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাত ২টার দিকে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ইসমাইল (২৬) লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, নিহত শাহাদাত হোসেন সাতকানিয়ায় একটি কুলিং কর্নার নামে দোকান পরিচালনা করতেন। আসামিদের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। আসামিদের কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি বলেও জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, কিছুদিন আগে ‘পিচ্চি কামাল’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলায় শাহাদাত সহায়তা করেছিলেন এমন সন্দেহে তার ওপর ক্ষুব্ধ ছিল হামলাকারীরা। এর জেরে গত ২৬ এপ্রিল রাতে দোকানের সামনে বসে থাকা অবস্থায় তাকে লোহার রড, কাঠের লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়।
গুরুতর আহত শাহাদাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামি ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর