চট্টগ্রাম
মেয়রের পদক্ষেপে সকালে নামলো পানি, দুপুরের বৃষ্টিতে ফের জলাবদ্ধতা
সকাল থেকে টানা বৃষ্টির পর চসিক মেয়রের দ্রুত পদক্ষেপে পানি নেমে কিছুটা স্বস্তি ফেরে চট্টগ্রাম নগরীতে। তবে দুপুরের পর বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড় এলাকায় ফের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অল্প সময়ের বৃষ্টিতেই সড়কে পানি জমে আবারও চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির পরপরই প্রবর্তক মোড় ও কাতালগঞ্জের আশপাশের নিচু এলাকায় পানি জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই প্রধান সড়কের একাধিক অংশ পানিতে তলিয়ে যায়।
এতে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে চলতে দেখা যায়।
আরও পড়ুন
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী
মেয়রের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি চট্টগ্রাম নগরীতে
স্থানীয়রা জানান, প্রবর্তক মোড় এলাকায় দীর্ঘদিন জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। ড্রেন ও খাল ব্যবস্থার সংস্কার কাজ চলমান থাকায় পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

একাধিক পথচারী অভিযোগ করেন, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় এই এলাকায় নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি খাল সংস্কার ও উন্নয়নকাজ শুরু হলেও বাস্তবিকভাবে সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাদের।
এর আগে গতকাল মঙ্গলবার টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও পানি নেমে যাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় প্রবর্তক মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমআরএএইচ/কেএসআর