এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই পোস্ট দেন দি তিনি।
পোস্টটিতে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে অনেকটা জেমস বন্ড রূপে দেখা যাচ্ছে তাকে, তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা- ‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।
ছবির সঙ্গে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি লেখেন, ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে হবে’।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্প এই কঠোর বার্তা দিলেন। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে।
ট্রাম্প কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন।
সূত্র: ট্রুথ সোশ্যাল, গালফ নিউজ
এসএএইচ