সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে
জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
দুপুরের বিরতির পর সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্বে ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে ফ্লোর দেন।
তখন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাঁড়িয়ে ফ্লোর নিয়ে বলেন, আইনমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দেওয়ার আগে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এজন্য আমাকে আলাদা করে দুই মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ করছি।
পরে ডেপুটি স্পিকার আইনমন্ত্রীকে ফ্লোর দিলে তিনি বলেন, বাংলাদেশে সংবিধানের চর্চা এখন চায়ের দোকান পর্যন্ত পৌঁছে গেছে। এ প্রেক্ষাপটে সাংবিধানিক চর্চাকে সংসদেও কার্যকরভাবে অনুসরণ করতে চাই আমরা। বিশেষ কমিটি করার বিষয়ে ১২ জনের নামের তালিকা ঠিক করেছি। এরই মধ্যে আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ সংসদে উপস্থাপন করেছিলেন যে, একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই। যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। রুল ২২৬ অনুসারে। সেই কমিটির বিষয়ে আমরা ১২ জনের তালিকা ঠিক করেছি। যেখানে বিএনপি আছে, গণঅধিকার পরিষদ আছে, গণসংহতি আছে, বাংলাদেশ জাতীয় পার্টি আছে এবং স্বতন্ত্র সংসদ সদস্যদেরও রাখা হয়েছে।
কমিটিতে বিরোধীদলের সদস্যের আনুপাতির হারের প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, শতাংশ হিসেবে করতে গেলে বিরোধীদলের ২৬ শতাংশ আসে। সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে ৫ জনের নাম চাচ্ছি। আমরা ১২ জনের একটি তালিকা করেছি। এ ১২ জনের মধ্যে বিএনপির ৭ জন আর ৫ জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে। এখন ওনাদের (বিরোধী দল) পক্ষ থেকে যদি ৫ জন দেওয়া হয়, তাহলে এ কমিটি সম্পর্কিত বিষয় আমরা আগামীকাল (আজ) উপস্থাপন করতে চাই। উনারা দিলে আমরা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।
আইনমন্ত্রীর প্রস্তাবের পরে ডেপুটি স্পিকার বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে ৫ জন এ ১২ জনের তালিকা সরকারি দল থেকে প্রস্তুত করা হয়েছে। আপনাদের বিরোধীদল থেকে ৫ জনের তালিকা চাচ্ছেন। সুতরাং এ ১৭ জনকে নিয়ে বিশেষ কমিটি করবেন। দয়া হয়ে যদি আপনি আপনাদের ৫ জনের তালিকা দেন তাহলে ওই কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে যাবে।
এ সময় বিরোধীদলীয় নেতা বলেন, এ বিষয়টি নিয়ে চিফ হুইপ আমার সঙ্গে কথা বলেছেন। তিনি সংসদ নেতার সালাম দিয়েই কথা বলেছেন। আমি উনাকে বলেছি এই বিষয়ে আমাদের মাঝে আলোচনার বিষয় আছে। কারণ এখানে আমাদের ধারণাগত পার্থক্য আছে। আমরা আলোচনা করে জানাবো। আজকেই হয়ে যাবে বোধ হয় এটা হবে না। এখন মত দিতে পারবো না। কারণ আমরা চেয়েছি সংস্কার, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এ জায়গাটায় আগেও আমাদের মতপার্থক্য ছিল। এখনো এটা রয়েছে। প্রস্তাব উনারা দিয়েছেন। সেটাকে আমরা নিলাম, শুনলাম। কিন্তু পরে জানাবো। এখনই কিছু বলছি না এ ব্যাপারে।
বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের এটাতে কোনো অসুবিধা নেই। আমরা অপেক্ষা করবো। আমরা জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনে এগিয়ে যাবো। সুতরাং এ জন্য আমাদের অপেক্ষা করতে হয়, পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে অসুবিধা হবে না।
শেষে ডেপুটি স্পিকার বলেন, তাহলে সংসদ সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে, সংসদে সরকারি দল থেকে ১২ জনের সদস্য প্রস্তুত আছে এবং বিরোধী দল থেকে ৫ জনের নাম বা এ সম্পর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসবে। সেজন্য সরকারি দল প্রস্তুত রয়েছে।
এমওএস/এমএএইচ/