কেরানীগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ৩৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বালুর বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা জিরার ওজন ৩ হাজার ৬০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ২৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বাবু বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোস্টগার্ড স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে বালুর বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ৩ হাজার ৬০ কেজি ভারতীয় জিরা ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ ২ জনকে আটক করা হয়।

জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ২৫ হাজার টাকা।

জব্দ করা জিরা, চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাক ও আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।