আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সুসান ভাইজ আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর আগ্রহকে স্বাগত জানান আইজিপি। তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআর/এমএমকে