ফায়ার সার্ভিসের সব লাইসেন্স সেবা এখন অনলাইনে
জনসাধারণের সেবাগ্রহণ প্রক্রিয়া সহজ করতে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এখন থেকে সব ধরনের ম্যানুয়াল লাইসেন্স প্রক্রিয়া বন্ধ থাকবে। শুধু অনলাইনে লাইসেন্স আবেদন গ্রহণ করবে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এর শুভ উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এতদিন ধরে চলা ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স প্রদান প্রক্রিয়া এখন থেকে অবসান হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্সপ্রাপ্তি পর্যন্ত সকল সেবা অনলাইনে নিতে পারবেন।

শুক্রবার (১ মে) থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, ফায়ার লাইসেন্স নবায়ন, লাইসেন্স পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের আবেদন গ্রহণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের টিম প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পার্কি র্যাবিট করপোরেশেন লিমিটেডের কর্ণধারসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগ থেকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টররা অনলাইনে যুক্ত ছিলেন।
টিটি/বিএ